
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চায়। এই বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে নিজেদের শক্তিশালী করেছে, কিন্তু সাধারণ মানুষকে ক্ষমতায়িত করতে পারেনি। অতীতে যারা ক্ষমতায় ছিল, জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। এসব প্রত্যাশা পূরণ না হলে প্রকৃত গণতন্ত্র ও মানুষের মুক্তি নিশ্চিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।
জনসভায় তিনি নড়াইল-১ ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার ও আতাউর রহমান বাচ্চুর হাতে প্রতীক তুলে দেন।
এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকরা “নারায়ে তাকবির”, “আল্লাহু আকবার”, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ”সহ নানা স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।
জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।
সমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।