
জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী যাত্রী ও স্টেশন সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হওয়ার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভদ্রকালী এলাকায় পৌঁছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থামে।
ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি সামনের জয়পুরহাট স্টেশনে চলে যায়। বর্তমানে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরানোর চেষ্টা চালাচ্ছে।
সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন জানান, দুর্ঘটনার পর ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে এবং দ্রুত লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে।