
সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী পাঠানো তালাকনামা হাতে পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক মাইক্রোবাস চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে পৌর এলাকার উত্তর ওয়াবদাবাদ গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মজনু পারভেজ ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে মজনু পারভেজ বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে তিন মাস আগে স্ত্রী সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যান। পরিবারের পক্ষ থেকে তাকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলে গত সপ্তাহে রোকসানা স্বামীকে উদ্দেশ্য করে তালাকনামা পাঠান।
শুক্রবার ডাকপিয়নের মাধ্যমে চিঠিটি হাতে পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মজনু। এর পরদিন ভোরে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।