
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ির দুলুছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুই আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ির দীঘিনালা থানার ওসি জাকারিয়া। তিনি জানান, জনসংহতি সমিতি (জেসএস) মূল দল ও ইউনাইটেড ডেমোক্রেটিভ ফন্ট (ইউপিডিএফ ) এর মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইউপিডিএফের চারজন নিহত হয়েছে।
এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “দীঘিনালার ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে আমরা অবগত নই।”
এছাড়াও, শনিবার সকাল পর্যন্ত ওই দুইপক্ষ মুখোমুখি অবস্থানে ছিল বলে জানা যায়।