
গোলাম রব্বানী
স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
এ সময় ইউএনও’র গাড়িসহ আরও দুটি সরকারি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও এম রকিবুল হাসান নিজেই। তিনি বলেন,
“জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আমরা প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময়ে পরিকল্পিতভাবে আমার গাড়িবহরে হামলা চালানো হয়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।”
প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের দাবি, হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং তাদের সমর্থক—যাদের স্থানীয় প্রশাসন “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য” হিসেবে চিহ্নিত করেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান,
“এনসিপি’র মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহরের পৌর পার্কে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি বড় পদযাত্রার আয়োজন ছিল। এই কর্মসূচি বানচাল করতেই পরিকল্পিতভাবে ইউএনও’র গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।