
অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদকে সামনে রেখে নড়াইলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক (৩য় পর্যায়) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, এছাড়া জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো: জেনারুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাভলুসহ প্রমুখ গ্রাম আদালত বিষয়ক আলোচনায় অংশ নেন । এ সময় নড়াইল স্থানীয় শাখার সহকারি কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মো: ওমর ফারুক, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নড়াইলের তিন উপজেলার ৩৯ টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম চালু রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মোট মামলা দায়ের হয়েছে ৯২১টি, মামলার নিষ্পত্তি হয়েছে ৮৮৮ টি। উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে মামলা প্রেরিত হয়েছে ৫০ টি এবং ক্ষতিপূরণ বাবদ আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৬৩ হাজার ৯৬৮ টাকা।
প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার বক্তব্যে বলেন অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে বিচার প্রার্থী ফৌজদারী এবং দেওয়ানী বিরোধ মীমাংসা করতে পারছেন। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন।