
নড়াইলে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১ টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বিষ্ণুপুরে এসব কর্মসূচি পালন করে এলাকাবাসী।
এসময় বক্তব্য দেন ওই এলাকার হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজাউল মোল্যা, কে এম নজরুল ইসলাম, মো. হুসাইন, আজমল হোসেন, জাবেদ কাজী প্রমুখ।
তারা বলেন, গত ৫ আগস্ট থেকে আইনশৃঙ্খলার অবনতির সুযোগে সম্প্রতি বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম, বিষ্ণুপুর, রামসিদ্ধি ও কলিমন গ্রামে মাদকের ভয়াবহতা বেড়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিভিন্ন চাপের মুখে সাময়িক সময়ের জন্য ছোট মাদক ব্যবসায়ীরা থেমে থাকলেও পরে সুযোগ বুঝে আবার মাঠে নেমে পড়ে। তাছাড়া গডফাদাররা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

তারা আরো বলেন, মাদকের কুফল জানা সত্ত্বে এক অদৃশ্য শক্তির টানে মাদকে জড়িয়ে পড়ছে মানুষ। প্রতিনিয়ত সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। আমরা কোনোভাবেই তাঁদের নিয়ন্ত্রণ করতে পারছি না। এসব থেকে সরে আসতে বললে মাদক ব্যবসায়ীরা আমাদের ভয়-ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দিচ্ছে। তাই আমাদের দাবি, মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে।