
নড়াইলের কালিয়ায় ডাকাতির সময় এনএসআইয়ের ফিল্ড অফিসার মোঃ ইয়াছিন হোসেন (২৭) এবং জেলা মহিলা দলের সভানেত্রী শিরীন জামানের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার জামান শশী (৩৫)-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দস্যুতার মামলায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়ার মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২) ও সুবুদ্ধিডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৬)। এর আগে শুক্রবার রাত আটটার দিকে কালিয়া উপজেলার খররিয়া চরপাড়ার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের আটক করে কালিয়া থানা পুলিশ।
কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয় নড়াইলে কর্মরত এনএসআইয়ের ফিল্ড অফিসার ইয়াছিন হোসেনের নেতৃত্বে সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি করে গ্রেপ্তারকৃতরা। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে তারা। পরবর্তীতে বাড়ির আশেপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করেব। এসময় তাদের কাছ থেকে ডাকাতির দুইটি সোনার চেইন, একজোড়া কানের দুল, একজোড়া কানের দুলের টানাসহ মোট দুই ভরি দুই আনা দুই রতি সোনা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এছাড়াও ডাকাতির নগদ এক লক্ষ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে কালিয়া থানাধীন খড়রিয়া চরপাড়া গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতরা গ্রেপ্তার হয়েছে এবং কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার আদালতের মাধ্যমে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে জেলা মহিলা দলের সভানেত্রী শিরীন জামানের ছেলে গ্রেপ্তারকৃত শাহরিয়ার জামান শশির সাংগঠনিক পদ-পদবি সম্পর্কে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস বলেন, শশি ছাত্রদলের কোনো পদে নেই। আগে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটিতে ছিল। সে কমিটি অনেক আগেই ভেঙে দেয়া হয়েছে।