
নড়াইল সদর উপজেলায় বিনামূল্যে ১ হাজার ৮০০ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার উপজেলার আর বি এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকালে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়৷ সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলে৷ ফারাজ হোসেন ফাউন্ডেশনের আয়োজনে ও নড়াইলের
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়৷ এতে চিকিৎসা সেবা দেন ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
খবর শুনে শীতের সকালে নড়াইল সদর উপজেলার ভবানীপুর, রায়খালি, দারিয়াপুর, ফুলশ্বর ও মাথাভাঙ্গাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন সাধারণ মানুষেরা৷ শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন তাঁরা৷ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আয়োজকদের প্রতি খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
রায়খালি থেকে আসা গৃহবধূ রিতা বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা নিয়ে ডাক্তার দেখাতে আসছি। খুব সুন্দর পরিবেশে বিনামূল্যে ডাক্তার দেখিয়েছি, পাশাপাশি ওষুধ ও পেয়েছি। অনেক ভালো লাগছে।
নড়াইল পৌরসভার বরাশুলা থেকে স্ত্রীকে নিয়ে এসেছেন মৃত্যুঞ্জয় রায়। তিনি প্রথম আলোকে বলেন, বিনামূল্যে এতো ভালো সেবা পাওয়া যাবে এটা ভাবতে পারিনি। আমার স্ত্রীকে খুব ভালোভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখেছেন, বিনামূল্যে ওষুধও দিয়েছেন। একইসাথে আরো কোনো বড় চিকিৎসার প্রয়োজন হলে পরবর্তী দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আয়োজক সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারির জঙ্গি হামলায় স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের মানুষ। দুই বন্ধুকে ছেড়ে আসতে অস্বীকৃতি জানানোয় জঙ্গিদের হাতে নৃশংসভাবে নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। সাহসী এই তরুণের নামে ফারাজ হোসেন ফাউন্ডেশন গড়েছে তাঁর পরিবার। ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর। ফারাজ আইয়াজ হোসেন বন্ধুত্ব, সাহস ও মানবিকতার যে নিদর্শন দেখিয়েছিলেন, সেই অনুভূতি ধারণ ও লালন করে মানুষের পাশে দাঁড়িয়েছে তাঁর নামে গড়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় খাদ্যসহায়তা প্রদান, হতদরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ প্রদানসহ সারা দেশে নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নড়াইলে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া সাবেক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বাংলাদেশ সাউদার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সলর ড. শরীফ আশরাফউজ্জামান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরল ইসলাম, ডা. শরীফ শামীম আতীক, শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন প্রমুখ।