
নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম সুমন উপজেলার জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল মিয়ার ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ও জয়পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
জানা যায়, চলতি বছরের ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এনে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর লোহাগড়া পৌর শাখা বিএনপির ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শহিদুল মল্লিক থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে অভিযুক্ত করা হয়। এ মামলার ৯নং এজাহার নামীয় আসামি জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় লোহাগড়া থানা পুলিশ।