
“অতিথি পাখি আশীর্বাদ স্বরূপ, তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে” উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান
নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা গলফ রিসোর্টে পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণ এবং নিরাপত্তার গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে শনিবার (১২ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন রিসোর্টের সিনিয়র ম্যানেজার সাজিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান, রিসোর্টের ম্যানেজার খন্দকার মুনিব হোসেন, গলফ খেলোয়াড় রিপন খান, পাখিপ্রেমী আদিল খান ও ইকরাম হোসেন।
উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান বলেন, অতিথি পাখি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশে প্রায় ৭০০ প্রজাতির পাখি রয়েছে। যার মধ্যে ৩০০ প্রজাতিই পরিযায়ী পাখি। অতিথি পাখি নিধনে আইন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ পরিযায়ী পাখি দিবস উদযাপন করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। তিনি বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখির কোন বিকল্প নেই। জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে এক সময় অনেক পাখি দেখা গেলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেখানের পাখি অনেক কমে গিয়েছে। দীর্ঘ ২০ বছর যাবত অরুনিমায় পাখি আসে। যা দেখতে দেশ-বিদেশের অতিথি আসেন এবং তারা মুগ্ধ হন। পরিবেশ অধিদপ্তরের উপদেষ্টাকে অতিথি পাখি সংরক্ষণের জন্য পৃষ্ঠপোষকতার আবেদন জানান।
ঢাকা থেকে আগত প্রকৃতি প্রেমি ইকরাম হোসেন বলেন “আমরা এই প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। তেমনি পাখিও প্রকৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ। পাখিদের সুরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন পাখি শিকারী না বলে তাদেরকে হত্যাকারী বলা উচিৎ।
বাংলাদেশ প্রফেশনাল গলফার মো. রিপন বলেন “আমি দেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে গলফ খেলতে যাই। কিন্তু অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবকে আমার অন্যদের চেয়ে আলাদা মনে হয়েছে। এখানে প্রকৃতি আর পাখির সৌন্দর্য উপভোগ করার মত। যেসব বাচ্চারা অতিথি পাখির শিকারে জড়িত তাদের পাখি শিকারের কুফল সম্পর্কে জানাতে হবে। তাদের পরিবারকে বুঝাতে হবে। তিনি তাদেরকে পাখি শিকার বন্ধ করে নিয়মিত খেলাধুলার পরিবেশের উপরে গুরুত্বরোপ করেন”।

ঢাকা থেকে আগত পাখিপ্রেমী আদিল খান বলেন “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদকে এরকম সুন্দর একটা রিসোর্ট গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সিনিয়র ম্যানেজার জনাব সাজিকুল ইসলাম বলেন “অতিথি পাখি শিকার বন্ধে স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন। আমরা তাদের ধন্যবাদ জানাই।”
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ম্যানেজার খন্দকার মুনিব হোসেন বলেন “আমাদের বাসায় অতিথি আসলে যেমন তাদের খেয়াল রাখি অতিথি পাখি আসলেও তাদের দিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসন, সাংবাদিকবৃন্দ অতিথি পাখি শিকার বন্ধে আমাদের সহযোগিতা করেন। তাদের এ সহযোগিতা যেন অব্যাহত থাকে এ ব্যাপারে আবেদন জানান এবং পাখি শিকার বন্ধে সকলকে আন্তরিক হতে হবে বলে উল্লেখ করেন।