
কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদী পুন:খনন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কার্যালয়ে ভুক্তভোগীরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালে বিগত সরকারের আমলে উপজেলার নবগঙ্গা নদীর ১৩ কিলোমিটার পুন:খনন করা হয়। নদী পুন:খননের কারণে কোটাকোল ও মল্লিকপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার ২০টি গ্রামের মানুষের তিন ফসলী জমি, বসতবাড়ি, মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করে নাই। ফলে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন।।
স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক প্রভাষক মো: সাদেকুর রহমান, শেখ সাইফুজ্জামান লালন, শহিদুল ইসলাম, মো: ইউনুস শেখ, মাসুদ সর্দার প্রমুখ।