
বাঘ খেয়েছে ফিট
****************
মিঠুয়ার রহমান-
ক্রিকেট জ্বরে মাথা ঘুরে
বাঘ খেয়েছে ফিট,
তর্জন গর্জন সবই ভুলে
হয়ে গেলো চিৎ।
আগের মত গর্জন শুনে
ভয় পায়না কেউ,
লোগো দেখে বুকের মাঝে
উঠছে কান্নার ঢেউ।
মনের দুখে বনে গিয়ে
নালিশ দিলো তাই,
বাঘের নামে ব্যবসা করার
বিচার খানা চাই।
মানহানির মামলা দিবে
এবারে বাঘ ঠুকে,
বাঘের ছবি প্লেয়ারদের
দেয়া নিষেধ বুকে।
কথায় কথায় বাঘের বাচ্চা
কাজের বেলায় ছাগল,
বিসিবিতে বসে আছে
গুটি কয়েক পাগল।
বেতন ভাতা সুবিধা আর
পদের বাহাদুরি,
কথার প্যাঁচে মিথ্যা আশ্বাস
দেয় যে ভুরি ভুরি।
অকম্মাদের কম্ম দেখে
বাঘ মামা তাই কয়,
লাজ লজ্জা মান সম্মান
তোদের জন্য নয়।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
আমার লোগো ছাড়,
অবুঝ মনে মানতে চায় না
এমন তরো হার।