
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার কথা জানান।

প্রতিযোগিতায় নড়াইল জেলার চারটি পুরুষ দল ও তিনটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে লোহাগড়া থানা দলকে পরাজিত করে নড়াইল সদর থানা দল চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগেও লোহাগড়া থানা দলকে হারিয়ে নড়াইল সদর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রকিবুল হাসান, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল সরোয়ার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।