
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন সড়কের দুপাশে ৩০০টি গাছের চারা রোপণ করেছেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ।
নিজ উদ্যোগে এসব গাছের চারা রোপণ করেন তিনি। স্থানীয় সড়কগুলোকে সবুজ ও ছায়াঘেরা করে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগেও মহান মুক্তিযুদ্ধের স্মরণে খাশিয়াল ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ১৯৭১টি গাছের চারা রোপণ এবং স্থানীয় বাসাবাড়িতে গাছের চারা বিতরণ ও রোপণ করেন চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ।
ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণের কারণে স্থানীয়দের কাছে তিনি ইতোমধ্যে ‘বৃক্ষপ্রেমিক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে গাছ লাগানোর ফলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে ভবিষ্যতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছায়া পাবেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।