
মাগুরা প্রতিনিধি: জনসচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক বিষয়ে পরিবারকে সম্পৃক্ত করার লক্ষ্যে মাগুরায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে GPMS কর্মপরিকল্পনার আওতায় সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার আবু মুসা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ সেলিম রেজা, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ এবং প্রধান শিক্ষক তপন কুমার ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার পাভেল দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার এস কে মেহেদী শাহ আলম।
আলোচনায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, শিক্ষার গুরুত্ব এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।