
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় অংশীজনদের নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত এ সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান।
নলদী ইউনিয়ন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা কাজী রাসেল আহম্মেদ, হিসাব সহকারী বখতিয়ার হোসেন, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় সুধীজন।
এ ছাড়া ইতনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল শেখ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, হিসাব সহকারী মাসুদ রনি সোহাগ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা গ্রাম আদালতের কার্যক্রম শুনানি প্রক্রিয়া,এবং গ্রাম আদালতের এখতিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় উপস্থিত সকলকে গ্রাম আদালতের লিফলেট ও আইনি বিতরন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি অবহিত করতে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।