
নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মাদকবিরোধী মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কালিয়া পৌর শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বী কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব মোঃ আর্মস্ট্রং সরদার, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান টিটো, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিলন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেন এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ।
এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিল শেষে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের পাশাপাশি মাদকদ্রব্যের বিক্রি ও সরবরাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাদকমুক্ত কালিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।