
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করতে নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) পূবালী ব্যাংকের কালিয়া উপশাখার উদ্যোগে র্যালি এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচির শুরুতে কালিয়া উপশাখার সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপশাখার সামনে এসে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব ক্রমেই বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে সময় ও ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে।
বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন। এতে দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই আর্থিক লেনদেন করতে পারছেন।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির নড়াইল শাখা ব্যবস্থাপক এ এইচ এম তরিকুল আজিজ, কালিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কালিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু সুফিয়ান, কালিয়া উপশাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকার, এডিসি অফিসার মোঃ শামীম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আর্মষ্টং সরদারসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।