
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সরদার মুজাহিদুল ইসলাম জিহাদকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি শিক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক বৈষম্য নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সরদার মুজাহিদুল ইসলাম জিহাদের রাজনৈতিক পথচলা শুরু হয় ২০০৮ সালে। ওই বছর বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা মাদ্রাসা মাঠে বিএনপির একটি ইফতার মাহফিলে সরদার আর্মস্ট্রং ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাংগীর আলমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি।
পরবর্তীতে ২০১৪ সালে তিনি বাবরা-হাচলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান। বর্তমানে তিনি কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় থাকার কথা উল্লেখ করে সরদার মোজাহিদুল ইসলাম জিহাদ বলেন, মানুষের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
শিক্ষাজীবনেও রয়েছে তার একাধিক একাডেমিক অর্জন। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। পাশাপাশি খুলনা সিটি ল কলেজ থেকে এলএলবি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘সি’ ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স সম্পন্ন করেছেন।
স্থানীয়রা বলেন, তিনি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগ্রহী। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান নির্বাচিত হলে বাবরা-হাচলা ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ, সামাজিক বৈষম্য কমানো এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সরদার মুজাহিদুল ইসলাম জিহাদ।
তিনি বলেন, জনগণের সমর্থন পেলে ইউনিয়নকে একটি শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।