
জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
ভোট গণনা শেষে সিইসি জানান, মোট ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। অব্যবহৃত ছিল ছয়টি ব্যালট। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট রিপ্লেস করা হয়।
ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট দেওয়ার আগে তারা ব্যালটে পূর্ণ নাম স্বাক্ষর করেন।
ভোটগ্রহণের শুরুতে সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোট প্রদান করেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি নির্বাচনের এ ফলাফলের মধ্য দিয়ে জাতীয় সংসদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া এগিয়ে গেল।