
নড়াইল জেলার খলিশাখালি গ্রামের সন্তান মোঃ রাকিবুল ইসলাম কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি দৌড়কে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি আবুল খায়ের গ্রুপে কর্মরত থাকলেও সুস্থ জীবনযাপন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত দৌড়চর্চা করে যাচ্ছেন।
রাকিবুল বলেন ২০১৯ সালে করোনা মহামারির সময় তার দৌড়ের যাত্রা শুরু হয়। শুরুতে ব্যক্তিগত ফিটনেসের জন্য দৌড়ালেও ধীরে ধীরে তিনি দেশের বিভিন্ন ম্যারাথন ও আলট্রা ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ধারাবাহিক অনুশীলন ও দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি ইতোমধ্যে ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ২১ কিলোমিটার হাফ ম্যারাথন, ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন এবং ৫০ কিলোমিটার আলট্রা রানে সফলভাবে অংশগ্রহণ করেছেন।

রাকিবুল ইসলাম এ পর্যন্ত ৮টি ফুল ম্যারাথন (৪২ কিলোমিটার) এবং ৪টি ৫০ কিলোমিটার আলট্রা রান সম্পন্ন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ৫০টিরও বেশি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে এক মাসে সর্বোচ্চ ৩৭১ কিলোমিটার এবং এক বছরে প্রায় ২,১০০ কিলোমিটার দৌড় সম্পন্ন করার রেকর্ড।
তিনি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন, জাতীয় স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন দৌড় প্রতিযোগিতা, কক্সবাজার মেরিন ড্রাইভ ম্যারাথন, শমশেরনগর আলট্রা রান এবং সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
দৌড়ের প্রতি তার ভালোবাসা এখানেই থেমে নেই। চলতি বছরে তিনি ৪২ ও ৫০ কিলোমিটার ইভেন্টের পাশাপাশি ১০০ কিলোমিটার আলট্রা ম্যারাথনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তার লক্ষ্য শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন নয়, বরং সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করা।
রাকিবুল ইসলাম জানান, দৌড় তাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে। ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে চান তিনি।