
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতেই সরকারি চাউল বিতরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে উপকারভোগীদের নির্ধারিত ১০ কেজির পরিবর্তে কম চাউল দেওয়ার অভিযোগেও ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৯ কেজি ২০০ গ্রাম। এ ঘটনায় উপকারভোগীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি ছাড়া এভাবে খাদ্যসামগ্রী বিতরণ সম্পূর্ণ অনিয়ম এবং এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, শিধলকুড়া ইউনিয়নে চাউল বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোক্তার ফারাজী উপস্থিত ছিলেন না। তবে তার অনুপস্থিতিতেই বিতরণ কার্যক্রম চলতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ট্যাগ অফিসার মোক্তার ফারাজী বলেন, আমি উদ্বোধন করে দিয়ে আসছি।” যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী বিতরণ কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত ট্যাগ অফিসারের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাবুল শেখ-এর কাছে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে কেন চাউল বিতরণ করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে চেয়ারম্যান বলেন, “আমি ট্যাগ অফিসারকে ফোন দিয়েছিলাম, সে না আসলে আমি কি করবো।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি ডিসি অফিসে মিটিংয়ে আছি। বিষয়টি এখনই দেখছি।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি খাদ্য সহায়তা বিতরণে এমন অনিয়ম ও দায়িত্বহীনতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।