
নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজার মো. নাহিদ সর্দার (৩০)-কে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার ওই পাম্পের ম্যানেজার ছিলেন এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দিন জানান, একটি ট্রাক তেল নিতে এলে পাম্পে তেল না থাকায় তা সরবরাহ করা সম্ভব হয়নি। এ নিয়ে ট্রাকচালক মো. সুজাতের সঙ্গে ম্যানেজার নাহিদ সর্দারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেন।
পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, ঘটনার পরও ট্রাকচালক পাম্পের আশপাশে অবস্থান করছিলেন। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ওই ট্রাক তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর দেখা যায়, ট্রাকটি নাহিদকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদুল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জিহাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে হুমকি দিয়ে ট্রাকচালক তার ভাইকে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।