
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সরকারি সেবার মানোন্নয়ন ও সেবা প্রাপ্তিতে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি দপ্তর ও নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে এবং নেটস বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ সভার আয়োজন করা হয়। সভায় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান উপস্থিত থেকে বক্তব্য দেন।
সংলাপ সভায় উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস, প্রাণিসম্পদ বিভাগ, কৃষি বিভাগ, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান তার বক্তব্যে বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি দপ্তর ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় বক্তারা সরকারি সেবার বিদ্যমান চ্যালেঞ্জ, সেবা গ্রহণে সাধারণ মানুষের সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সেবা প্রক্রিয়ায় তথ্যপ্রাপ্তি সহজ করা এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের সংলাপ আয়োজনের মাধ্যমে সরকারি সেবার গুণগত মান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, নেটস বাংলাদেশের সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় সৃজন প্রকল্প বাস্তবায়ন করছে।