
নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে নড়াইল জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এবং জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় তার ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পিপি তারিকুজ্জামান লিটু এবং জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং সমৃদ্ধি কামনা করা হয়।