
দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কার্যক্রমের নিবন্ধন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বালক ও বালিকাদের ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের জন্মতারিখ ১ জুন ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ সালের মধ্যে হতে হবে।
নিবন্ধনের জন্য অনলাইনে ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং শিক্ষার্থীর শ্রেণিতে ভর্তির প্রমাণপত্র বা রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপিও প্রয়োজন হবে। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে বর্তমান শ্রেণির প্রত্যয়নপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে।
নতুন কুঁড়ি কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কারাতে, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।
আয়োজক সূত্রে জানা গেছে, নিবন্ধনের সময়সীমা ১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিশু-কিশোরদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে: notunkurisports.gov.bd
ক্রীড়াবিদদের ভবিষ্যৎ গড়ে তুলতে ছোট বয়স থেকেই প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।