পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নড়াইলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’। সংগঠনটির আয়োজিত ‘দুই টাকার ঈদ বাজার’ থেকে নতুন পোশাক কিনে দারুণ আনন্দে ভাসছে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের শিশু-কিশোররা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের মুস্তারী কমপ্লেক্সে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন শিশু-কিশোর মাত্র দুই টাকায় নিজেদের পছন্দমতো নতুন পোশাক কেনার সুযোগ পায়। এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি প্রকাশ করেন উপকারভোগী ও তাদের অভিভাবকরা।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নামমাত্র মূল্যে নতুন পোশাক বিক্রির এ আয়োজন বিশেষ সাড়া ফেলেছে।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ঈদসহ বিভিন্ন উৎসবকে ঘিরে তারা ব্যতিক্রমধর্মী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সুবিধাবঞ্চিত শিশু ও বেদে সম্প্রদায়ের উন্নয়নে কাজ করাও তাদের অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, সংগঠনের ৪৫ জন সদস্য নিজেদের সঞ্চিত অর্থ ও পারিবারিক সহায়তায় নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সোহেল মুস্তারী, সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
উপকারভোগীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের আরও মানুষ এতে এগিয়ে আসবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ