নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান আমিনুর রহমান। একপর্যায়ে ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর উঠে গেলে সেটি ধরতে গিয়ে তিনি লাইনের ওপর চলে যান। ঠিক সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি রেলওয়ের আওতাধীন এলাকায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ