পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নড়াইলে অবৈধ ইটভাটা ও কাঠ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দিনব্যাপী অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটেশ্বরী এলাকায় অবস্থিত সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট চারটি ইটভাটা মেসার্স এ বি এ ব্রিকস, মেসার্স টি এম বি ব্রিকস, মেসার্স খান ব্রিকস এবং মেসার্স গোল্ড ব্রিকসের কীলন ও চিমনি ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া ওই এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সঙ্গে জড়িত সাতটি অবৈধ ভাট্টিও ভেঙে ফেলা হয় এবং পানি ঢেলে আগুন নিভিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, পরিবেশ দূষণ রোধ এবং আইন অমান্যকারী ইটভাটা ও কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ