নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নদীতে অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল শনাক্ত করা হয়। এ সময় নদী থেকে মোট ৭টি চায়না দুয়ারী জাল ও ৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল নদীর স্বাভাবিক মাছের প্রজনন প্রক্রিয়া ব্যাহত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।
অভিযান শেষে উদ্ধারকৃত নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর ফলে নদীতে মাছের অবাধ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস জানান, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে নদী ও খালের মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ অভিযানে নড়াগাতী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে নদীর মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে। মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ জাল ও অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ