ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড গ্রহণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে সরাসরি আবেদন নয়, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে হতো। এতে সময় অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবার নতুন পদ্ধতি চালু করা হয়েছে।
রুহুল আমিন মল্লিক জানান, এবার পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। নির্ধারিত তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে।
তিনি আরও জানান, আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমের সাংবাদিকরা তাদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট -https://pr.ecs.gov.bd/criteria এর মাধ্যমে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আবেদনের সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ