আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) নড়াইল জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নড়াইল জেলার দুই আসন থেকে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের মধ্যে ২৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী সময়ে মনোনয়ন যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব ধাপ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নড়াইল-১ সংসদীয় আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জেলা উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুর রহমান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এস কে এম সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, মো. সাকিব হাসান, আসজাদুর রহমান, গাজী খালিদ আশরাফ সাফী, গাজী মাহাবুবুর রহমান, মো. উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, বিএম নাগীব হোসেন ও সুকেশ সাহা আনন্দসহ মোট ১৫ জন প্রার্থী।
অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামী মনোনীত জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফায়েক, গণঅধিকার পরিষদের মো. নূর ইসলাম, খেলাফত মজলিসের মুফতি আবদুল হান্নান সরদার এবং বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. সোয়েব আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিনসহ মোট ৯ জন প্রার্থী এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী সব প্রক্রিয়া শেষ হলে নড়াইল জেলার দুই আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ