প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
রোববার কমিশনে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি: ইসি সচিব

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) কমিশনের বৈঠকে তাদের ভোটার হওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
ইসি সচিব জানান, ঢাকার গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার হওয়ার জন্য নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তারেক রহমান ও জাইমা রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ ও ডিজিটাল স্বাক্ষরসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজও শেষ। ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী কোনো যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পূর্ণ এখতিয়ার কমিশনের রয়েছে।
বর্তমানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত থাকায় নতুন করে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়। সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করতেই আগামীকাল পূর্ণ কমিশনের বৈঠকে নথিটি তোলা হবে। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথি পর্যালোচনার ভিত্তিতে এই আবেদন মঞ্জুর করতে পারে। ইসি সচিবের মতে, কমিশনের সবুজ সংকেত পেলেই তাদের ভোটার তালিকায় নাম উঠবে।
সচিব আরও জানান, আজই হয়তো তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর তৈরি হয়ে যাবে। তবে নিবন্ধনের তথ্য সার্ভারে আপলোড করার পর ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি এবং সই মিলিয়ে দেখার মতো কিছু কারিগরি কাজ বাকি আছে। এসব যাচাই-বাছাই সফলভাবে শেষ হওয়ার পর চূড়ান্তভাবে এনআইডি নম্বর ইস্যু করা হবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ