
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় শীতকালীন টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। পলিশেড প্রযুক্তি ব্যবহার করে চাষ করা এসব টমেটো গাছে থোকায় থোকায় ফল ধরায় জমিগুলো এখন রঙিন হয়ে উঠেছে। আধুনিক পদ্ধতি, উপযুক্ত পরিচর্যা এবং কৃষি অফিসের নিয়মিত তত্ত্বাবধানে এবার ফলনও হয়েছে আশানুরূপ।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (ডিএই অংশ) আওতায় নড়াইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় প্রথমবারের মতো পলিশেডে বারি-৮ জাতের টমেটো চাষ করছেন এলাকার কৃষকরা। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের আয়ও বেড়েছে।
চাঁচড়া গ্রামের কৃষক আহাদ হাসান জানান, ২০ শতক জমিতে পলিশেডে টমেটো চাষ করতে তাঁর প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি আশা করছেন, বিক্রির পর খরচ বাদেও প্রায় এক লাখ টাকা লাভ হবে।
আরেক চাষি শাহিদ মোল্যা বলেন, কৃষি অফিস থেকে আধুনিক চাষাবাদ ও রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নেওয়ায় ফলন ভালো হয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি টমেটো ৮০–৯০ টাকায় বিক্রি হওয়ায় কৃষকদের আয়ও সন্তোষজনক।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, তুলারামপুর ইউনিয়নে পলিশেডে টমেটো চাষ সফল হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি দপ্তরের শিক্ষণ, পরামর্শ ও উপকরণসহ সবধরনের সহযোগিতা নিয়মিত দেওয়া হচ্ছে। বাজারমূল্য ভালো থাকলে আগামীতে আরও বেশি কৃষক পলিশেডে টমেটো চাষে আগ্রহী হবেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ