নড়াইলে রাইশা টেলিকম অ্যান্ড মোবাইল অ্যাকসেসরিজ দোকানে সংঘটিত চুরির ঘটনায় চোরাই ২৫টি মোবাইল ফোন ও ১১ হাজার ২২০ টাকার এমবি ও মিনিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পেশাদার চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে রাত ৯টার মধ্যে গোবরা বাসস্ট্যান্ডসংলগ্ন সুমন সুপার মার্কেটে অবস্থিত দোকানটিতে দুর্বৃত্তরা কৌশলে তালা ভেঙে চুরি করে। এ ঘটনায় দোকানের মালিক আবু তালেব বিশ্বাস নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর সদর থানার ওসি মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অভিযান শুরু করেন। অভিযানের ধারাবাহিকতায় ২০ নভেম্বর ভোর সাড়ে ৩টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার পারহাজী গ্রাম থেকে মো. রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) নামে দুইজনকে তাদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের হেফাজত থেকেই চোরাই মোবাইল ফোন ও কার্ড উদ্ধার করা হয়। পরে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ