
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের চালক জুলহাস (৪৫) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
রবিবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাত আড়াইটার দিকে তেল নেওয়ার জন্য থামলে যাত্রীরা নেমে যান। তবে একজন নারী ও তার ছেলে বাসে থেকে যান। চালক জুলহাসও ভেতরেই ছিলেন।
ওই সময় তিনজন দুর্বৃত্ত এসে হঠাৎ বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে চালক জুলহাস পুড়ে মারা যান। বাসে থাকা নারী গুরুতর দগ্ধ হন, তবে তার ছেলে প্রাণে বেঁচে যায়।
দগ্ধ নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে।
ওসি রোকনুজ্জামান বলেন, “এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ