প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
দুই দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকারে তারেক রহমান: “দ্রুতই দেশে ফিরব ইনশাআল্লাহ”

দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া এ সাক্ষাৎকার সোমবার (৬ অক্টোবর) সকালে প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে দেশে ফেরা এখনো হয়নি, তবে সময় এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”
দেশে ফেরার সময় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, “দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,
“আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনীতি ও নির্বাচন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জনগণের প্রত্যাশিত নির্বাচনে আমি জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”
দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে তারেক রহমান জানান, “বিভিন্ন সময় নানা ব্যক্তি ও সরকারি সূত্র থেকেও নানা শঙ্কার কথা শোনা গেছে। তবে আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।”
গণমাধ্যমে দীর্ঘদিন কথা না বলার বিষয়ে তিনি বলেন,
“আমি কথা বলিনি—এমন নয়। আমি সব সময় যোগাযোগ রেখেছি। তবে অতীতে স্বৈরাচারী সরকারের সময় আদালতের আদেশে আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রেস ক্লাবেও আমার বক্তব্য বন্ধ করতে চেয়েছিল তারা।”
তিনি আরও যোগ করেন, “আমি থেমে থাকিনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, এবং তা সফলও হয়েছি।”
সাক্ষাৎকারের শুরুতে তারেক রহমান বলেন, “শরীরটা হয়তো প্রবাসে আছে, কিন্তু মন-মানসিকতায় আমি গত ১৭ বছর ধরেই বাংলাদেশে আছি।”
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ