
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা ও বৈঠকের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। তিনি আশ্বস্ত করেন, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্প খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
২৭ আগস্ট রাতে সেনাপ্রধান দেশে ফেরেন। সফরকালে তিনি চীনের নরিনকো গ্রুপসহ বিভিন্ন সামরিক গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ