
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় এক বছরের মধ্যে একাধিক মামলা, জরিমানা, মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অবৈধভাবে উত্তোলিত ৭১ হাজার ৭৮৫ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সময়ে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়, ৬টি মামলা, ১৫টি অভিযান এবং ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া একজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
শনিবার (৩০ আগস্ট) ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গলে ইজারাবিহীন বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “আমার নাম ভাঙিয়ে কিংবা অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
একইদিন দুপুরে শহরতলীর শাহীবাগ এলাকার একটি ছড়া থেকে প্রায় দেড়শ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে পড়েন। পরে উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ করা হয় উত্তোলিত বালু। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ও পুলিশ সদস্যরা।
অভিযুক্ত শামীম আহমেদ দাবি করেন, তিনি বালু ব্যবসার সঙ্গে যুক্ত নন। ঘটনাস্থলে শ্রমিকরা রাস্তা মেরামতের জন্য অল্প বালু তুলেছিল, তিনি শুধু বিষয়টি দেখতে গিয়েছিলেন। তবে ইউএনও ইসলাম উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ