
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আল মামুন স্থানীয় এক সেলুনে গেলে শিমুল নন্দীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মামুনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়।
পরবর্তীতে ১১ আগস্ট নিহতের বাবা হাবিবুর রহমান ১৩ জনের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মামুনকে হত্যা করা হয়েছে।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় আসামিদের মধ্যে গৌতম নন্দী (২৮)কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ