মানসিক স্বাস্থ্যসেবায় অবদান এবং তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করার স্বীকৃতি হিসেবে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনয়ন পেয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার তরুণ মো. তানজিম শেখ।
‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটি বিশ্বজুড়ে শিশু ও তরুণদের অধিকার, শান্তি এবং কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ব্যক্তিদের কাজকে স্বীকৃতি দেয়। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা KidsRights গত ৩০ সেপ্টেম্বর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তানজিমের মনোনয়নের তথ্য প্রকাশ করেছে।
তানজিম শেখ নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের জাহাঙ্গীর শেখের সন্তান। তিনি আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা PeaceNest-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
[caption id="attachment_11741" align="aligncenter" width="286"]
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম[/caption]
তথ্য অনুযায়ী, PeaceNest-এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মানসিক স্বাস্থ্যসেবা ও সহায়তা পৌঁছে দিয়েছেন তানজিম। এ কার্যক্রমের আওতায় বিশ্বব্যাপী ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সহায়তা পেয়েছেন।
তানজিমের উদ্যোগে পরিচালিত ‘SilentRoom’ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে পেশাদার মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্ল্যাটফর্মটিতে মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞদের সহযোগিতায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে তানজিম ‘NeuroZen’ নামে নিউরোসায়েন্স ও মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি মাসিক ম্যাগাজিনও প্রকাশ করছেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন ও কার্যকর সেবা ব্যবস্থার বিষয়ে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি যুক্ত রয়েছেন।
আন্তর্জাতিক পর্যায়েও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তানজিমের। International Youth Conference Season 12-এ মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন তিনি।
তানজিম বলেন, আমি এমন একটি পৃথিবীর প্রত্যাশা করি যেখানে প্রতিটি শিশু শারীরিক ও মানসিকভাবে নিজেকে মেলে ধরার মতো একটি নিরাপদ পরিবেশ খুঁজে পায়; যেখানে তারা ভালোবাসা ও স্বীকৃতির জন্য প্রতিনিয়ত কোনো কিছু প্রমাণ বা অর্জন করার চাপ অনুভব না করেই নিজেদের গ্রহণযোগ্য ও ভালোবাসার পাত্র বলে মনে করতে পারে। আমরা যেন শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পাই।
নড়াইলের প্রত্যন্ত এলাকার একজন তরুণ হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য মনোনয়ন পাওয়ার ঘটনায় স্থানীয়ভাবে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তানজিমের এই মনোনয়ন বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ