গ্রামীণ প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি)+ কর্মসূচির উদ্যোগে নড়াইল জেলার তিন উপজেলার ৫টি এলাকা অফিসের আওতাধীন ৫০০ নারী সদস্যের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২১জুন) দিনব্যাপী নড়াইল জেলার তিন উপজেলায় হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় ২৫০জনকে ১০টি করে হাঁসের বাচ্চা এবং ২৫০জন নারী সদস্যকে ১০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। আয়বর্ধক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করে তাদের পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় নড়াইল অঞ্চলের তিন উপজেলার ৫ টি অফিসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকা ব্যাবস্হাপক (দাবি), এলাকা ব্যাবস্হাপক (প্রগতি), অফিসের শাখা ব্যবস্থাপক, কৃষি ও বিমা ইউনিটের( সম্প্রসারণ কর্মকর্তা ) অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগী সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, হাঁস-মুরগি পালন গ্রামীণ নারীদের জন্য একটি সহজ ও লাভজনক আয়ের উৎস। এ ধরনের সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুবিধাভোগী নারী লাবনী খানম এ উদ্যোগের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিতরণকৃত হাঁস ও মুরগির বাচ্চা তাদের বাড়তি আয়ের পথ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে খামার গড়ে তুলতে উৎসাহ জোগাবে।
সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), নড়াইল মোঃ তবিবর রহমান বলেন,
গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্র্যাক বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। হাঁস-মুরগি পালন নারীদের জন্য লাভজনক আয়ের একটি মাধ্যম। এই সহায়তার মাধ্যমে সদস্যরা পরিবারের আয় বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হতে সক্ষম হবে বলে আমরা আশা করি।

এছাড়াও নড়াইল অঞ্চলের তিনটি উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ৩৮ জন ক্লায়েন্ট ও নন-ক্লায়েন্টকে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান শেষে মোট ৩৮ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা মাছ চাষ করে আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। পোনা পেয়ে সকল উপকারভোগী ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ